
কলকাতার ঐতিহ্যবাহী বইমেলায় বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড দর্শনীয় স্টল নির্মাণের জন্য এ পুরস্কার ঘোষণা করে।
বাংলাদেশের প্যাভিলিয়ন সাড়ে ৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত হয়েছিল। বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন ছিল ঢাকার বঙ্গভবনের আদলে গড়া।
বাংলাদেশের মোট ৪৩টি প্রকাশনা সংস্থা এ মেলায় অংশ নেয়। আজ বিকেলে বইমেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশকে বিশেষ প্যাভিলিয়নের পুরস্কার দেওয়া হয়। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) মো. শামছুল আরিফ পুরস্কার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধান নগর পৌরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, সংসদ সদস্য দোলা সেন, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে ও সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় প্রমুখ।
অনুষ্ঠানে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের কর্মকর্তারা জানান, আজ বিকেল পর্যন্ত বইমেলায় ২৬ লাখ দর্শক এসেছেন। তাদের কাছে ২০ কোটি রুপির বই বিক্রি হয়েছে। এ বছর বইমেলায় রেকর্ডসংখ্যক ভিড় হয়েছে।
গত ৩০ জানুয়ারি কলকাতার সল্টলেকের করুণাময়ীর সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন হয় ৩১ জানুয়ারি। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন।
এবারের বইমেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, ইতালি, জাপান, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া, ইরান, থাইল্যান্ড ও বাংলাদেশসহ ২০টি দেশের প্রকাশকেরা তাদের প্রকাশিত বই নিয়ে অংশ নেন।
এর মধ্যে থাইল্যান্ড এবারই মেলায় প্রথম এসেছে। বইমেলায় এবারের থিম কান্ট্রি ছিল স্পেন। ছোট-বড় মিলিয়ে ৯৫০টি স্টল ছিল মেলায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.