নিজস্ব প্রতিবেদক|ঢাকা: রাজধানীর নয়াপল্টনের একটি বাসায় বৃহস্পতিবার কুলসুম আক্তার (১৬) নামে এক গৃহকর্মীকে রহস্যজনকভাবে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। গুরুতর আহত ওই গৃহকর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জানা গেছে, গৃহকর্মী কুলসুম লক্ষ্মীপুর জেলার মনির হোসেনের মেয়ে।
পল্টন থানার পরিদর্শক (অপারেশন) হিরণ বারী বলেন, ‘গতকাল সকালে ৭২ নম্বর নয়াপল্টনে ফারুক টাওয়ারের ১৫/ডি নম্বর ফ্লাটে রক্তাক্ত গৃহকর্মীকে পাওয়া যায়। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। মেয়েটি অচেতন ছিল। গুরুতর অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্তও চলছে।
ওই বাসার গৃহকর্তা আমিনুল হক দিদার। তার স্ত্রী ফেরদৌসী আক্তারের দাবি, কুলসুম দুই বছর তিন মাস ধরে তাদের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছে। সকালে রান্নার জন্য সে রান্না ঘরে যায়। পরে কে বা কারা তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি বলেন, ‘আমার বড় ছেলে তাবিদের স্ত্রী রান্না ঘরে গিয়ে কুলসুমকে মেঝেতে রক্তাক্ত গলাকাটা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। আমারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। আমরা বুঝতে পারছি না কে বা কারা এ কাজ করেছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.