
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অফিসের নতুন সূচির প্রথম দিন সকাল থেকেই যানজট শুরু হয়েছে রাজধানীতে। আগের সূচিতে অফিস শুরুর সময় হলে যেমন যানজট বাধত, সেটি আরো তীব্র দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে সাড়ে ৯টা পর্যন্ত তীব্র যানজটে পড়েন অফিসগামীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো কোনো সড়কে জট কমলেও সার্বিক পরিস্থিতিতে এখনও ভোগান্তিই সঙ্গী নগরবাসীর।
তীব্র গরমে অফিসগামীদের ভোগান্তি বেড়েছে আরো। কেউ যাচ্ছেন গণপরিবহনে, কেউ সিএনজিচালিত অটোরিকশার মতো কোনো বাহনে, আবার কেউ বা ব্যক্তিগত গাড়িতে। সবাইকে কমবেশি যানজটে পড়তে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের।
সরকারি নির্দেশ অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে ব্যাংকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
অফিস শুরুর পাশাপাশি আগে থেকে সকালে চালু স্কুলগামী শিক্ষার্থী-অভিভাবকরাও নাকাল হয়েছেন এই যানজটে। তবে সকাল ৭টায় যেসব স্কুল শুরু হয়েছে, তারা যানজট ছাড়াই ক্লাসে যেতে পেরেছেন বলে জানিয়েছেন একাধিক অভিভাবক।
সকাল থেকে দুই ঘণ্টার মতো স্থায়ী ছিল তীব্র যানজট। এরপর জট কিছুটা কমতে থাকে। সবাই প্রায় একই সময়ে বের হওয়ায় যানজট হওয়াটা স্বাভাবিক বলে মনে করছেন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী কমিশনার রেফাতুল ইসলাম বলেন, কর্মজীবীদের একটা বড় অংশ রমনা এলাকা হয়ে সচিবালয়, মতিঝিলসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।
নতুন অফিস সূচিতে অফিস যেতে ৭টা থেকে সাড়ে ৭টা নাগাদ প্রায় সবাই সড়কে বের হয়েছেন। যে কারণে যানজট হয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছি, গাড়ির সংখ্যা বেশি থাকায় যানজট ছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.