
চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য ১৭ হাজার ৫২৪ কোটি ৬৪ লাখ ৫ হাজার টাকার সম্পূরক বাজেট পাস করা হয়েছে।
সোমবার (১৩ জুন) নির্দিষ্টকরণ সম্পূরক বিল, ২০২২ পাসের মধ্য দিয়ে এ বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করে পাসের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়।
চলতি অর্থবছরে মূল বাজেট ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় বেড়েছে ১৭ হাজার ৫২৪ কোটি ৬৪ লাখ ৫ হাজার টাকা। আর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় কমে-বেড়ে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৫ লাখ ৯৩ হাজার ৫শ কোটি টাকা।
বিল পাসের আগে বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবিসহ ২৬টি মঞ্জুরি দাবি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংসদে উত্থাপন করলে পৃথক পৃথকভাবে পাস করা হয়।
এসব দাবির ওপর বিরোধীদলের ১১ সদস্যের আনা ছাঁটাই প্রস্তাবগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে জননিরাপত্তা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মোট চারটি দাবির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.