
মামলা নিয়ে কথা বলার জন্য আবাসিক হোটেলে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বরিশাল মহানগরের স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আবুল বাশারের বিরুদ্ধে।
শনিবার (১৫ অক্টোবর) ভুক্তভোগী নারী কোতয়ালি মডেল থানায় এসআই আবুল বাশারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করলে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল বাশারকে আদালতে নেয়া হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবুল বাশার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিহারিপুর গ্রামের বাসিন্দা। মামলার বাদী ভুক্তভোগী নারী বরিশাল মহানগরের বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিমুল করিম জানান, এসআই আবুল বাশারের বিরুদ্ধে এক নারী ধর্ষণ মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। থানা এবং মামলা সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর এসআই আবুল বাশারের সঙ্গে পরিচয় হয় ভোক্তভোগী ওই নারীর। তখন দু'জনের মধ্যে মোবাইল নম্বর আদান প্রদান হয়।
১৩ অক্টোবর একটি মামলার বিষয়ে এসআই আবুল বাশারকে ফোন করেন ভুক্তভোগী নারী। তখন ওই নারীর অবস্থান জানতে চান আবুল বাশার। বাদী তার অবস্থান জানালে সেখানে যান এসআই আবুল বাশার।
তখন ভুক্তভোগী নারীকে ফুসলিয়ে নগরীর প্যারারা সড়কের একটি আবাসিক হোটেলে নিয়ে যান আবুল বাশার। ওই হোটেলের ২০৪ নম্বর কক্ষে বসে দীর্ঘক্ষণ কথা বলার একপর্যায়ে আবুল বাশার জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করেন।
বিকেল ৫টার দিকে কাঁদতে কাঁদতে হোটেল কক্ষ থেকে বের হয়ে যান ওই নারী। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় মামলা করতে একদিন দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.