
পুরান ঢাকার সংসদ সদস্য হাজি সেলিম রোববার (২২ মে) আদালতে আত্মসমর্পণ করছেন আজ। শনিবার (২১ মে) তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজি সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১৩ বছর সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। রায় প্রদানকারী দুই বিচারপতি হলেন, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি এ কে এম জহিরুল হক।
রায়ে ৩ বছরের দণ্ড থেকে খালাস পান হাজি সেলিম। দুই বিচারপতির স্বাক্ষরের পর ৬৮ পৃষ্ঠার রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন হাইকোর্ট।
প্রসঙ্গত, ২০০৭ সালে হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.