
সাংবাদিককে গালিগালাজ করা কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুর ভাষা মাস্তানদের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে হাইকোর্ট।
আদালত বলেছে, একজন দায়িত্বশীল ব্যক্তির মুখে এমন অশ্লীল শব্দ কাম্য নয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার এ মন্তব্য করে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে খবর প্রকাশের জেরে এক সাংবাদিককে অশালীন ভাষায় গালাগাল করেন ইউএনও কায়সার। খবরটি রোববার আদালতের নজরে আনেন আইনজীবী খুরশীদ আলম খান। সেটি পড়ে আদালত উল্লিখিত মন্তব্য করে।
হাইকোর্ট বলে, ‘একজন ইউএনওর ভাষা খুবই আপত্তিকর। এটা দুঃখজনক; এটা গ্রহণযোগ্য নয়। ‘কোন রং হেডেড পারসন ছাড়া এ রকম ভাষায় কথা বলতে পারে না।’ আদালত আরও বলে, ‘এটা কোনো ভাষা হতে পারে না; মাস্তানদের চেয়েও খারাপ ভাষা ব্যবহার করেছেন।’
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারাও যদি কোনো অপরাধ করেন, তাহলে সে বিষয়ে প্রেস কাউন্সিল আছে। সেখানে অভিযোগ দেয়ার সুযোগ আছে; আইন আছে। এভাবে গালিগালাজ তো কেউ করতে পারেন না।’
ওই সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.