আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করার মামলায় দিনাজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ২৪ অক্টোবর রোববার বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেলা পিপি এ্যাড. রবিউল ইসলাম রবি, অতিরিক্ত পিপি এ্যাড. হাজী মোঃ সাইফুল ইসলাম, স্পেশাল পিপি শামসুর রহমান পারভেজ সাংবাদিকদের বলেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়ের মৃত্যুতে শূন্য হওয়া পদে উপ-নির্বাচনের প্রাক্কালে তৎকালীন ভাইস চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম সোহাগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে নিজেকে জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দাবি করেন।
এটি তাৎক্ষণিক চ্যালেঞ্জ করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। তিনি স্বাক্ষর জালের বিষয়টি নিশ্চিত হয়ে রবিউল ইসলাম সোহাগের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর- জিআর ৭২৫/২০।
এরপর সোহাগ হাই কোর্ট থেকে জামিন নিয়ে নির্বাচনী কাজে অংশগ্রহণ করে নির্বাচনে জয় লাভও করেন। পরবর্তীতে তিনি জামিনের মেয়াদ এক দফা বৃদ্ধি করেন। সর্বশেষ ২৪ অক্টোবর রোববার হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.