নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনই আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী গণমিছিলের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ায় এ ব্যবস্থা নেয় প্রশাসন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের ‘কলস’ প্রতীকের পক্ষে মণিরামপুর পৌরশহরে একটি গণমিছিল বের করা হয়। এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। মিছিল চলাকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, ফলে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
এই মিছিল শেষ হওয়ার পরপরই জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে আরেকটি গণমিছিল বের করা হয়। এতে মহাসড়কে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
পরিস্থিতির প্রেক্ষিতে দুই প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিন দায়ান আমিন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের প্রতিনিধি নিস্তার ফারুকের কাছ থেকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের প্রতিনিধি আহসান হাবীব লিটনের কাছ থেকে একই অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এতে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিন দায়ান আমিন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বৃহস্পতিবার ছিল আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার প্রথম দিন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।