জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার মাইলফলক। মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে এই ঐতিহাসিক অর্জনের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই অর্জনের মূলে রয়েছে প্রধানমন্ত্রীর সাহসী, প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্ব। রোববার (২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত 'উন্নয়নশীল দেশে উত্তরণ' উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে তার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্পিকার বলেন, নারী ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ সর্বোপরি প্রধানমন্ত্রীর সময়োপযোগী গৃহীত সুপরিকল্পিত নীতিমালা ও কার্যক্রম গ্রহণের ফলে বাংলাদেশ আজ বিশ্বে ভিন্ন মর্যাদায় অবস্থান করছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশল বাস্তবায়ন করে মেধা নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে প্রধানমন্ত্রী অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে সমৃদ্ধির সোপানে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বনন্দিত নেতা, যোগ করেন স্পিকার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.