
পদ্মা সেতুর বদৌলতে বদলে গেছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। সড়কপথে যাতায়াত বেড়ে যাওয়ায় কমেছে লঞ্চযাত্রী। ফলে ঈদুল ফিতর ঘনিয়ে আসলেও এবার এখন পর্যন্ত অধিকাংশ লঞ্চের কেবিন ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা।
বুধবার (১৯ এপ্রিল) একাধিক লঞ্চের মালিকরা জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরে দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে চলাচলের জন্যে ইতোমধ্যে ১৮০টি লঞ্চ প্রস্তুত করা হয়েছে। তবে অধিকাংশ লঞ্চের কেবিন এখনও বিক্রি হয়নি।
লঞ্চ মালিকদের দাবি, আগে যেখানে প্রতিদিন ছয় থেকে সাতটি লঞ্চ ঢাকা-বরিশাল নৌরুটে চলাচল করতো, সেখানে পদ্মা সেতুর উদ্বোধনের পর এখন মাত্র দুটি করে লঞ্চ চলাচল করছে। অর্থাৎ প্রতিদিন ঢাকা থেকে দুটি এবং বরিশাল থেকে দুটি। এরপরেও যাত্রী সংকট কাটছে না।
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিয়েও যাত্রী মিলছে না। সূত্রমতে, ঈদ উপলক্ষে গতকাল ১৮ এপ্রিল ঢাকার সদরঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়। ওইদিন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চের ভিআইপি থেকে শুরু করে সোফা, ফ্যামিলি, ডাবল ও সিঙ্গেল বেশিরভাগ কেবিন ছিল ফাঁকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.