জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে সমুদ্রের পানির স্তর। এর কারণে ভবিষ্যতে আরও উত্তাল হবে উপকূল এলাকা। সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে, সামনে একের পর এক ঝড় আছড়ে পড়বে বঙ্গোপসাগর উপকূলে। মূলত বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর ও দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূল এলাকায় এমন প্রবণতা লক্ষ করা যাবে।
সম্প্রতি আইআইটি খড়গপুরের গবেষকরা ‘ক্লাইমেট ডায়নামিক্স স্প্রিংগার’ নামে একটি জার্নালে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। ওই প্রতিবেদনে বলা হয়, ঝড়ো হাওয়ার কারণে সমুদ্রে বড় বড় ঢেউয়ের প্রবণতা বাড়তে থাকলে ক্ষতিগ্রস্ত হবে উপকূল এলাকা। সমুদ্রের নোনাপানি স্থলভাগে ঢুকে মিশবে ভূগর্ভস্থ পানির সঙ্গে। নষ্ট হবে প্রচুর ফসল ও আবাদি জমি।
গবেষকরা জানান, দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূলে জুন-জুলাই-আগস্ট এবং সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে ঝড়ো হাওয়া এবং বড় ঢেউয়ের প্রবণতা বাড়বে। ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে অন্তত এক মিটার। উত্তর ভারত মহাসাগর, উত্তর-পশ্চিম আরব সাগর, দক্ষিণ চীন সাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ঢেউয়ের উচ্চতা প্রায় ০.৪ মিটার বেড়ে যেতে পারে। এছাড়া সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিরও ইঙ্গিত দেওয়া হয়েছে রিপোর্টে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.