
যদি কোনও ব্যক্তি কোনও কর্মের কপিরাইটের স্বত্বাধিকারী না হয়ে প্রকাশ, পরিবেশন বা সম্পাদন করেন তাহলে তিনি ৫ লাখ টাকা জরিমানার সম্মুখীন হবেন- এমন বিধান রেখে ‘কপিরাইট আইন-২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, এখন যেহেতু ডিজিটাল যুগের কিছু বাস্তবতা তৈরি হয়েছে।
তাই কপিরাইট আইনকে সংশোধন করে তৈরি করা খসড়া ২০২১ সালের অক্টোবরে কিছু পর্যবেক্ষণসহ নীতিগত অনুমোদন দেয়া হয়েছিল। পরে (সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়) সেগুলো পূরণ করে আনলে বিস্তারিত আলোচনার পর খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কপিরাইট আইনের এই খসড়ায় অজ্ঞাতনামা বা ছদ্মনামের সৃষ্টিকর্মের স্বত্বাধিকারী, ডেটাবেজ, পাবলিক ডোমেইন, মনোগ্রাম, লোকগান, লোকসংস্কৃতি, সম্পাদকসহ বেশকিছু বিষয়ে নতুন সংজ্ঞা সংযোজন করা হয়েছে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের মেধাস্বত্বের বিষয় নিশ্চিত করা এবং পাইরেসি ঠেকাতে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.