
গুলিস্তানের কাছে সিদ্দিকবাজারের ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণের কারণ জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল।
তাদের প্রাথমিক অনুসন্ধান বলছে, ভবনটিতে তিতাসের পরিত্যক্ত লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দল বলছে, যে ভবনটিতে বিস্ফোরণ ঘটেছে তার নাম কুইন স্যানিটারি মার্কেট।
এর বেজমেন্টে ছিল রান্নাঘর আর নিচতলায় ছিল খাবারের হোটেল। এই রান্নাঘরে কমার্শিয়াল গ্যাসের বড় লাইন ছিল। ২০০১ সালে গ্যাস সরবরাহের সংযোগস্থল থেকে তিতাসের মাধ্যমে লাইনটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়।
তবে সংযোগ লাইন অপসারণ করা হয়নি। এ ছাড়া ওই ভবনের অন্যান্য ফ্লোরের ডমেস্টিক লাইন এখনও চলমান। ফলে এই লাইন সম্পূর্ণ বন্ধ না হয়ে সেখান দিয়ে গ্যাস লিক হয়ে বেজমেন্টের শীতাতপ নিয়ন্ত্রিত কোনো একটি কক্ষে জমে ছিল।
সেখান থেকেই স্পার্কের মাধ্যমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। যদিও তিতাস কর্তৃপক্ষ বলছে, ওই ভবনের বেজমেন্টে বৈধভাবে গ্যাস সংযোগ থাকার কোনো সুযোগ নেই। তিতাসের একটি দল সেখানে কাজ করছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সিটিটিসি তাদের পর্যবেক্ষণে জানায়, ভবনটির বেজমেন্টে পার্কিংয়ের কথা থাকলেও সেখানে একসময় রান্নাঘর ছিল।
বর্তমানে ‘বাংলাদেশ স্যানিটারি’ নামের একটি কমার্শিয়াল প্রতিষ্ঠানে স্যানিটারি মালামাল বিক্রি করা হয় প্রায় ১৮০০ স্কয়ার ফুটের এ আন্ডারগ্রাউন্ডে, যার পুরোটাই গ্লাসে ঘেরা।
বড় বড় দুটি এসিতে ঠান্ডা করা হয় এ স্যানিটারি দোকান। সেখানে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা ছিল না। এ ছাড়া সেখানে আছে একটি বড় পানির ট্যাংক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.