
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ (রবিবার, ১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো.সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে উভয় ঘাট থেকে কোনো ফেরি ছাড়েনি।
তিনি আরো জানান, ভোরে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট দেখাচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট অফিস সূত্রে জানা গেছে, যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে ৩টি ফেরি নোঙর করেছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.