
জাদুঘরের স্থাবর নিদর্শন ধ্বংস বা ক্ষতি করলে সর্বোচ্চ ১০ বছর জেল ও ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে সংসদে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল-২০২১’ উত্থাপন করা হয়েছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংসদে এ বিল উত্থাপন করলে তা ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান হয়।
১৯৮৩ সালের এ সংক্রান্ত অ্যধাদেশ নতুন করে আইন করার জন্য বিলটি আনা হয়েছে। বিলে বলা হয়েছে, জাদুঘরের অস্থাবর নিদর্শন চুরি, পাচার, ধ্বংস, নষ্ট, পরিবর্তন বা ক্ষতি করলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা হবে।
বিদ্যমান আইনে জাদুঘরের কিউরেটর পদ ছিল না। নতুন খসড়ায় সহকারী কিউরেটর পদেরও প্রস্তাব করা হয়েছে। বিলে বলা হয়েছে, কেউ জাদুঘরের নিদর্শনের ওপর খোদাই করলে বা কিছু লিখলে সর্বোচ্চ এক বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা হবে।
জাদুঘরের পরিচালনার সংস্কৃতিমন্ত্রী/প্রতিমন্ত্রীকে সভাপতি করে একটি পরিচালনা পর্ষদের প্রস্তাব করা হয়েছে। জাদুঘরের মহাপরিচালক সরকার নিয়োগ করবে বলে বিলে বলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.