দুই বছর পর সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগের উদ্দেশে ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি)। এদিন সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে তিনদিনের এই সম্মেলন।
ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, করোনা মহামারির কারণে দীর্ঘ আড়াই বছর পর জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন হচ্ছে। বছরের শুরুতেই ১১, ১২ ও ১৩ জানুয়ারি ডিসি সম্মেলনের তারিখ নির্ধারিত হলেও পরে তা পেছানো হয়েছে।
নির্দিষ্ট করা হয়েছে ১৮, ১৯ ও ২০ জানুয়ারি (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্র জানিয়েছে, এবারের ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের প্রতি সর্বত্র সুশাসন প্রতিষ্ঠায় কঠোর মনোভাব প্রদর্শনের নির্দেশনাও থাকছে। একইসঙ্গে চলমান চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় সক্ষমতা অর্জনে ডিসিদের প্রতি দিক নির্দেশনা থাকবে।
গতকাল সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২২’ বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এবার ডিসি সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি। ডিসি সম্মেলনে এবার উদ্বোধনী অনুষ্ঠানে শুধু ১৫ জন মন্ত্রী ও ১৫ জন সচিবকে আমন্ত্রণ দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.