
প্রতিবছর ঢাকার বায়ুদূষণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে আগের বছরের রেকর্ডকে। এ বছরের ২১ থেকে ২৫ জানুয়ারি টানা পাঁচ দিন বিশ্বের শীর্ষ দূষিত শহর হয় ঢাকা। একই মাসে নয় দিন রাজধানীর বায়ুমান ছিল দুর্যোগপূর্ণ, যা গত সাত বছরে সর্বোচ্চ।
এ অবস্থার মধ্যেই এক সপ্তাহের জন্য ঢাকা সফর এসে বিশ্বজুড়ে বায়ুদূষণ প্রশমনের লক্ষ্যে কাজ করা মার্কিন গবেষক জেমস জে. শাওয়ার বলেন, ‘বায়ুদূষণ সরাসরি কোনো রোগ তৈরি করে না।
তবে শ্বাসকষ্ট, হৃদ্রোগ, ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্তদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়। ইতিবাচক বিষয় হলো, পাঁচ বছর আগের তুলনায় এখন বাংলাদেশে বায়ুদূষণ নিয়ে গবেষণার পরিমাণ বেড়েছে।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞান দূত হিসেবে কর্মরত এই অধ্যাপক ঢাকার বায়ুদূষণ কমাতে ৬টি সুপারিশ তুলে ধরেন।
সেগুলো হলো: মনিটরিং বা পরিবীক্ষণ, গভর্নেন্স, শিল্পগোষ্ঠীগুলোর সঙ্গে অংশীদারত্ব, জনসাধারণকে সম্পৃক্ত করা, গবেষণা ও মূল্যায়ন। জোর দেন বায়ুদূষণ নিয়ে গবেষণা, দূষণের উৎস শনাক্ত করা এবং একটি বিজ্ঞানভিত্তিক কৌশল তৈরি ও কার্যকরী পদক্ষেপ নেয়ার দিকে। জেমস জে. শাওয়ার বলেন, ‘বায়ুদূষণের বিষয়ে যথাযথ পরিবীক্ষণ ও বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ, যাতে এ সমস্যা নিরসনে আমরা প্রয়োজনীয় কৌশল ঠিক করতে পারি।
বায়ুদূষণ নিয়ে অনেক কাজ করার প্রয়োজন রয়েছে। পেশাগত জায়গা থেকে মনে করি, বায়ুদূষণ প্রশমনের জন্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একসঙ্গে কাজ করা উচিত।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.