
নানা অপচেষ্টার পরও পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে না পেরে, সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার ষড়যন্ত্রে মেতেছে বিএনপি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘পলিটিক্যাল হ্যালুসিনেশনে’ ভুগছেন মন্তব্য করে কাদের আরও বলেন, পদ্মা সেতুতে দুর্নীতি নিয়ে আনা অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রমাণ দিতে না পারলে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে।
রাজধানীর বাসভবনে শুক্রবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘ষড়যন্ত্র করে পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে না পেরে এখন পদ্মা সেতু উদ্বোধনের আগে আগেই দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে বিএনপি।’
পদ্মা সেতু, মেট্রোরেল, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলসহ সরকারে মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা।
ওবায়দুল কাদের বলেন, ‘পলিটিক্যাল হ্যালুসিনেশনে ভুগতে থাকা বিএনপি মহাসচিব একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছেন। পদ্মা সেতু দেখে বিএনপি অন্তর জ্বালায় ভুগছে, এ সত্য স্বীকার করে নেয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ।’
‘পদ্মা সেতু নিয়ে বারবার লুটপাটের যে কাল্পনিক অভিযোগ তিনি করেছেন, সেটা তার বিকৃত মস্তিষ্কের নতুন আবিষ্কার বলে মনে করি।’
শতভাগ স্বচ্ছতা নিয়েই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে জানিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলেন, ‘পদ্মা সেতুতে দুর্নীতির যে কাল্পনিক অভিযোগ বিএনপি মহাসচিব করছেন, তা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিয়ে যদি প্রমাণ করতে না পারেন তাহলে মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারের জন্য ফখরুল সাহেবকে ক্ষমা চাইতে হবে।’
কাদের বলেন, ‘বিশ্বব্যাংক দুর্নীতির অপবাদ দিয়ে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়েছিল, এরপর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন।’
কানাডার আদালত পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের আনা অভিযোগ নাকচ করে দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন ‘তারপর বিশ্বব্যাংকই স্বীকার করছে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে। এরপরও কি বিএনপি মহাসচিব পদ্মা সেতুর স্বচ্ছতা নিয়ে মিথ্যাচার করবেন?’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.