
বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের জানিয়েছে, ভারতের বাতাসের মানে বেশ অবনতি হয়েছে। আইকিউ এয়ারের সূচকের প্রথম দিকে আছে দেশটির দিল্লি ও মুম্বাই।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে আইকিউ এয়ারের তালিকায় ২৫১ স্কোর নিয়ে শীর্ষে ছিল দিল্লি। ১৯০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর। আর তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই। শহরটির স্কোর ১৭৩।
তালিকায় দেখা গেছে, চতুর্থ স্থানে রয়েছে নেপাল। আর ১৬৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ঢাকা। এরপরে যথাক্রমে রয়েছে, ভারতের কলকাতা, চীনের উহান, থাইল্যান্ডের চিয়াংমাই, পাকিস্তানের করাচি, মিয়ানমারের ইয়াঙ্গুন।
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।
এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.