
নড়াইলে দেশের প্রথম ৬ লেনের মধুমতি সেতু উদ্বোধন করা হয়েছে। সেতুটি দিয়ে যান চলাচলে সর্বোচ্চ ৫৬৫ টাকা টোল দিতে হবে। এ ছাড়া সেতুতে সর্বনিম্ন ৫ টাকা টোল দিতে হবে সাইকেল-রিকশা-ভ্যান চালাতে।
গণমাধ্যমকে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক শ্যামল ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সেতু বিভাগ কর্তৃক মধুমতী সেতু পারাপারে যে টোল নির্ধারণ করা হয়েছে, তার আওতায় বড় ট্রেলার ৫৬৫ টাকা, তিন বা ততোধিক এক্সেল বিশিষ্ট ট্রাক ৪৫০, দুই এক্সেল বিশিষ্ট মাঝারি ট্রাক ২২৫, ছোট ট্রাক ১৭০ টাকা, কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর ১৩৫, বড় বাসের ক্ষেত্রে ২০৫, মিনিবাস বা কোস্টারের ক্ষেত্রে ১১৫ টাকা পরিশোধ করতে হবে।
মাইক্রোবাস, পিকআপ, কনভারশনকৃত জিপ ও রেকার ৯০ টাকা, প্রাইভেট কার ৫৫, অটোটেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিন চাকার যান ২৫, মোটরসাইকেল ১০ টাকা এবং রিকশা, ভ্যান ও বাইসাইকেলের ক্ষেত্রে ৫ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।
দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাপনায় সবচেয়ে ভঙ্গুর জেলা ছিল নড়াইল। ঢাকা থেকে বেশি দূরত্বের পথ না হলেও যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় অর্থনীতিও ছিল সংকুচিত।
সোমবার (১০ অক্টোবর) দেশের প্রথম ৬ লেনের মধুমতী সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে যোগ হয়েছে অন্য মাত্রা। আমূল পরিবর্তন আসবে এ অঞ্চলের অর্থনীতিতে। শিল্প ও যোগাযোগ হাব হয়ে উঠবে জেলাটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.