সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনগুলোর রাষ্ট্রদূতেরা। তারা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় ইইউ দূতাবাস এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনের রাষ্ট্রদূতেরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছেন, তাকে স্বাগত জানাই।’
রাষ্ট্রদূতেরা বলেছেন, ‘আমরা জরুরি ভিত্তিতে সংযত থাকতে, সব ধরনের ধর্মীয় সহিংসতা এড়াতে ও মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে সব বাংলাদেশিকে আহ্বান জানাই।’
উল্লেখ্য, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস ছাড়াও রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও নেদারল্যান্ডসের দূতাবাস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.