দেশের নন্দিত কবি হেলাল হাফিজ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বুধবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় কবিকে সিএমএইচে ভর্তি করা হয়। কবির চিকিৎসার সার্বিক দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর মেজর ডা. আশেকুজ্জামান।
কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তির বিষয়ে ইলিয়াস খান বলেন, ৭২ বছর বয়স্ক হেলাল হাফিজের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। বুধবার সকাল থেকে তার মেডিক্যাল চেকআপ শুরু হয়েছে। রিপোর্টগুলো হাতে এলে তারপর বোঝা যাবে কী কী সমস্যা আছে। এ ছাড়া তিনি বর্তমানে মোটামুটি স্বাভাবিকভাবেই কথা বলতে পারছেন এবং খাবার খেতে পারছেন। কবি হেলাল হাফিজ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল নানা সমস্যা রয়েছে তাঁর। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের কবিতা পাঁচ দশক ধরে মানুষের মুখে মুখে ফেরে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’র তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার রেকর্ড বাংলাদেশের অন্য কোনো কবির কাব্যগ্রন্থই এখন পর্যন্ত ভাঙতে পারেনি। বইটির বৈধ মুদ্রণই হয়েছে ৩৩ বারের বেশি। কবির অপর কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’ প্রকাশিত হয়েছে গত ২০১৯ সালে। ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত এই কবি জন্মগ্রহণ করেন নেত্রকোনায় ১৯৪৮ সালের ৭ অক্টোবর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.