জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ফরিদপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক আশরাফুল আলম। কর্মশালায় কি-নোট উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাসলিমা আলী।
প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের প্রতিটি নির্বাচনী ইশতেহারেই দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ দারিদ্র্য ও ক্ষুধা মুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার প্রদান করা হয়েছে।
এ লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে প্রয়োজনের নিরিখে বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। যার মধ্যে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ,
আমার বাড়ী আমার খামার, শিক্ষা সহায়তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বিকাশ অন্যতম যা প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ নামে পরিচিত।
কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের প্রতিবন্ধকতা, সমাধান ও নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারের করণীয় নির্ধারণের বিষয়ে গ্রুপ ডিসকাশনসহ সুপারিশ প্রদান করা হয়।
দিনব্যাপী এ কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনীতিবিদ আইনজীবী, সাংবাদিক, এনজিও সংস্থার প্রতিনিধি, চেম্বারের প্রতিনিধিসহ শতাধিক ব্যাক্তি অংশগ্রহণ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.