
তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে যাচ্ছে বাংলাদেশের ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে (সি-১৩০) দলটি বুধবার (৮ ফেব্রুয়ারি) তুরস্ক যাবে।
প্রাথমিকভাবে এই ১০ সদস্যের দল পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা এসব তথ্য জানান। এর আগে, গতকাল সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। এতে সিরিয়া ও তুরস্কে এখন পর্যন্ত ৫০০০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
১৯৯৯ সালে তুরস্কের ইজমিত ও ইস্তাম্বুলের পূর্ব মারমারা উপকূলীয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.