
আজ থেকে রাজধানীসহ সারাদেশের সকল কেন্দ্রে করোনার বুস্টার ডোজ সপ্তাহ শুরু হতে যাচ্ছে। শনিবার (৪ জুন) থেকে শুরু হয়ে এটি আগামী ১০ জুন পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে দেয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ।
যাদের বয়স ১৮ বা তার বেশি এবং দ্বিতীয় ডোজ প্রাপ্তির ৪ মাস অতিবাহিত হয়েছে তারা করোনার বুস্টার ডোজ নিতে পারবেন। এজন্য নিকটস্থ কেন্দ্র অথবা বাংলাদেশের যে কোনো কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের সনদ দেখিয়ে নেয়া যাবে বুস্টার ডোজ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সারাদেশে ১৬ হাজার ১৮১ টিকা কেন্দ্রে বুস্টার ডোজ দেয়া হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৬২৩টি ও অস্থায়ী কেন্দ্র ১৫ হাজার ৫৫৮টি। বুস্টার ডোজ সপ্তাহ চলাকালে একযোগে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী টিকাদান কাজে নিয়োজিত থাকবেন।
স্থায়ী কেন্দ্রগুলোতে ৭ দিন ও অস্থায়ী কেন্দ্রগুলোতে ২ দিন টিকাদান কার্যক্রম চলবে। অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়ার তারিখ স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা ও মাইকিং করে জানিয়ে দেয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.