
নামাজের সময় ছাড়া মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার না করার অনুরোধ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার (১৮ জুলাই) সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আমাদের হয়তো দিনে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে।
সেই ঘাটতি মেটাতে এলাকাভিত্তিক এক ঘণ্টার মতো লোডশেডিং করা হবে। তিনি বলেন, আমরা এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখব। যদি এতেই আমাদের সাফিসিয়েন্ট মনে হয়, তাহলে তো সমস্যা নেই। নইলে আরও এক ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হতে পারে।
এর পাশাপাশি আমাদের সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। লোডশেডিংয়ের সময় যেন আগে থেকেই গ্রাহকদের জানিয়ে দেয়া যায়, সেই ব্যাপারে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো কাজ করছেন বলে জানান প্রতিমন্ত্রী।
মসজিদসহ সব উপাসনালয়ে এসির ব্যবহার কমানো, যত্রতত্র সরকারি অফিসগুলোতে এসি না চালানো, সরকারি গাড়িতে জ্বালানি তেলের ব্যবহার কমানো ও অনলাইনে মিটিং করার সিদ্ধান্তের দিকে সরকার যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ইউরোপের প্রত্যেকটা দেশ জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন রকম মেকানিজমে গেছে। আমরাও যদি সবাই মিলে চেষ্টা করি… যানবাহনের ক্ষেত্রে যদি কিছুটা কম ব্যববহার করি, সরকারি মিটিং যেগুলো হয় অনলাইন করে ফেলি তাহলে বৈদেশিক মুদ্রার ব্যবহার কমবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.