
নড়াইলে দেশের প্রথম ছয়লেনের মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১০ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের চামেলী হল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতু দুটি উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, মধুমতি সেতু ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু দুটি দেশের আর্থ সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলতে আমরা এভাবেই এগিয়ে যেতে চাই। বাংলাদেশের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে আমরা সেভাবেই কাজ করব।
তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীর যোগাযোগ সহজ করতে এবং তাদের জীবনযাত্রার উন্নয়ন করা একান্তভাবে দরকার। সেই কথাটি মাথায় রেখেই আমরা শীতলক্ষ্যা নদীর ওপর এই তৃতীয় সেতু নির্মাণ করলাম।'
তিনি আরও বলেন, আজ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকার সঙ্গে যে যোগাযোগ তৈরি হয়েছে, নেটওয়ার্ক এমনভাবে গড়ে উঠেছে, যার ফলে এখন ঢাকা শহর দিয়ে যেতে হবে না। পদ্মা সেতু পাড়ি দিয়ে এসে ঢাকা-সিলেট বা ঢাকা-নারায়ণগঞ্জ যাওয়ার পথে এই সেতু পার হয়েই সরাসরি চলে যেতে পারবে।
এতে ঢাকার ভেতরের যানজটও কমবে। মধুমতি সেতুর বিষয়ে তিনি বলেন, 'আমরা যখন এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হয়ে যাব, যার ফলে আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়বে। ঢাকা থেকে এখন মোংলা বন্দরই সবচেয়ে কাছে হয়ে গেছে।
সেইসঙ্গে বেনাপোল, ভোমড়াসহ কুষ্টিয়া ও ওই অঞ্চলের যোগাযোগ বাড়বে মধুমতি সেতুর মাধ্যমে। মানুষের সময় যেমন বাঁচবে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান ও বক্তৃতা করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী সেতু দু’টির ওপর সংক্ষেপে বর্ণনা দেন। পরে সেতু প্রকল্পগুলোর ওপর ভিড়িও চিত্র প্রদর্শন করা হয়।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর ওপর ৬৯০ মিটার দীর্ঘ মধুমতি সেতু নির্মিত হয়েছে। যা স্থানীয়ভাবে কালনা সেতু নামে পরিচিত। এটি নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর ও ঝিনাইদহ জেলাকে সংযুক্ত করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.