প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৩, ৮:০১ পি.এম
অবৈধভাবে আনা লাখ লাখ টাকার বিদেশি মদসহ চোরাচালানের পণ্য আটক
অমল কৃষ্ণ পালিত,যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল রেলস্টেশনে কোলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য আটক করেছে ট্যাক্সফোর্স। ঈদ'কে সামনে রেখে চোরাচালান রোধে বৃহষ্পতিবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোল রেলষ্টেশনে এ অভিযান চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, জেলা ট্যাক্সফোর্সের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ান চন্দ্র পালের নের্তৃত্বে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা তামান্না হোরায়ারা, শার্শা উপজেলার সহকারী কমিশনা (ভূমি) ফারজানা ইসলাম, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া, রেল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যাক্সফোর্স কর্মকর্তারা জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা কোলকাতা- খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে চোরাচালানী পণ্য নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বেনাপোল রেলস্টেশনে বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে ১৩ বোতল ভারতীয় মদ, ও বিপুল পরিমান কাপড় ও কসমেটিকস জাতীয় পণ্য আটক করা হয়। যার মুল্য আনুমানিক ১৬ লক্ষাধিক টাকা বলে ট্যাক্সফোর্স কর্মকর্তারা জানান।
যাত্রীরা জানান, সপ্তাহে রবি ও বৃহস্পতিবার কোলকাতা-খুলনার মধ্যে চলাচলকারী এই ট্রেনটি এখন চোরাকারবারীদের দখলে। এ দুই দিন ট্রেনের অধিকাংশ যাত্রীই চোরাচালানের পণ্য বহন করে থাকে। এই রুটে বেপোরোয়া হয়ে উঠেছে অবৈধ চোরাচালানীরা। ফলে ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক রেল সেবা, ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। এর আগে বিভিন্ন সময় কাস্টমস, বিজিবি, পুলিশ, র্যাবসহ বিভিন্ন সংস্থার অভিযান পরিচালনা করলেও নিয়ন্ত্রণে আসছে না চোরাকারবারিরা। একটি সিন্ডিকেটের সহযোগিতায় তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল জানান, রেল যাত্রীসেবা বাড়াতে ও চোরাচালানীদের প্রতিরোধ ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। রেলস্টেশনে বহিরাগতদের রুখতে পরবর্তীতে আরো কঠিন পদক্ষেপ গ্রহন করা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর রহমান জানান, বেনাপোল রেল ষ্টেশনে যৌথ অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ বিপুল পরিমাণ কাপড় ও কসমেটিকস জাতীয় পণ্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম গোডাউনে জমা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.