চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মো. জামাল উদ্দিন (৪৫) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সংসারের অভাব অনটনে পড়ে হতাশা থেকে জামাল উদ্দিন আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন নিহতের পরিবারের। শনিবার (১০ এপ্রিল) দুপুর দুইটায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ সেনারজীবাগান এলাকায় বসতঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত জামাল উদ্দিন ওই এলাকার ফরিদ উদ্দিনের পুত্র। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শফিকুল ইসলাম বলেন, ‘নিহত জামাল উদ্দিন রিকশাচালক। ভাড়ায় করে তিনি অন্যের রিকশা চালাতেন। যখন যে কাজ পায় তাই করেন। তার আয় দিয়ে সংসার চলত। রিকশা কেনার জন্য শুক্রবার রাতে স্ত্রীর কাছে টাকা চান জামাল। স্ত্রীও অন্যের বাড়িতে কাজ করেন। তার কাছেও টাকা ছিলো না। তাই সে স্বামীকে টাকা দিতে পারেননি।’
শফিকুল বলেন, ‘শনিবার সকালে তার স্ত্রী নাস্তা আনার জন্য দোকান যান। কিছুক্ষণ পর তিনি দোকান থেকে ফিরে দেখেন স্বামী ঘরের ভেতরে বাঁশের আড়ের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.