ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের কোথাও অবৈধ গ্যাস সংযোগ রাখা হবে না বলে জানিয়েছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হারুন অর রশিদ মোল্লা।
শনিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গোকুলদাসের বাগ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিতাসের এমডি আরও জানান, অবৈধ সংযোগের কারণে প্রচুর পরিমাণে গ্যাস চুরি হওয়ায় সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকে গ্যাস আমদানি করায় দেশের জ্বালানি খাতে লোকসান গুনতে হচ্ছে। তাই তিতাসের আগের ভাবমূর্তি ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে রাজধানী ঢাকা শহরকে অবৈধ গ্যাস সংযোগ থেকে মুক্ত করা হবে।
দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কাজ চলছে জানিয়ে তিতাসের এমডি বলেন, অবৈধ গ্যাস ব্যবহারকারীরা যাতে পুনরায় সংযোগ স্থাপন করতে না পারে সেজন্য মূল পয়েন্টগুলো নজরদারি করা হবে। অবৈধ সংযোগ প্রদানের কাজে তিতাসের কেউ জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। পাশাপাশি দালাল চক্রের কেউ চিহ্নিত হলে তাদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক।
টানা পঞ্চম দিনের অভিযানে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গোকুলদাসের বাগ এলাকায় আরও তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কতৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পাইপ, রাইজার ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
এর আগে গত চারদিনে বন্দর উপজেলার ধাম গড় ও গোকুলদাসের বাগ এলাকায় টানা চারদিনের অভিযানে ১০ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কতৃপক্ষ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.