
টাঙ্গাইলের মধুপুরে বাবাকে বাঁচাতে গিয়ে মৌমাছির কামড়ে তানভীর হাসান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়। নিহত তানভীর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
তানভীরের মামা সোলায়মান সেলিম জানান, বৃহস্পতিবার সকালে তানভীরের বাবা আব্দুল খালেক বাড়ি থেকে মুদির দোকানে যাচ্ছিলেন। বাড়ির অদূরে মৌমাছির ঝাঁক তাকে আক্রমণ করে। তার চিৎকার শুনে বাড়ি থেকে দৌড়ে আসে বড় ছেলে তানভীর হাসান।
মাটিতে লুটিয়ে পড়া বাবাকে উদ্ধারের চেষ্টা চালাতেই মৌমাছির ঝাঁক তানভীরের ওপর আক্রমণ চালায়। সে খালি গায়ে থাকায় মুহূর্তের মধ্যেই পুরো শরীরে পালাক্রমে মৌমাছি কামড়াতে থাকে।
একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। এ সময় আশপাশের লোকজন আগুনের ধোঁয়া তৈরি করে মৌমাছি তাড়িয়ে তানভিরকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
তানভীর টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ থেকে চলতি বছর শিক্ষাজীবন শেষ করেছেন। গত ১৩ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.