
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি এ আসনে এবার নৌকার মনোনয়ন চাইবো। মনোনয়ন না পেলে জনগণের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করব এবং বিজয়ী হবো, ইনশাল্লাহ্।
তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্লাহ্ ফরিদপুর-৪ আসনে যে মার্কা নিয়েই নির্বাচন করুক না কেন এজেন্ট খুঁজে পাবেন না। ২০১৪ সালের নির্বাচনে জনগণ আমাকে না দেখে, না চিনে ৩০ হাজার ভোট বেশি দিয়ে এমপি নির্বাচিত করেছে। গত ৯ বছরে আমি জনগণকে সঙ্গে নিয়ে অত্র এলাকার উন্নয়ন ও জনগণকে মূল্যায়ন করেছি। আমার উন্নয়নের মূল্যায়ন করে জনগণই আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবে।
কাজী জাফর উল্লাহকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি ও আপনার স্ত্রী এখানকার এমপি ছিলেন। তখন কয়টি সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ করেছেন জনগণ তা দেখতে চায়। ভোটের সময় বসন্তের কোকিল হয়ে ভোট চাইতে আসবেন। আপনি মহামারি করোনার সময় কোথায় ছিলেন, তা জনগণ জানতে চায়।
নিক্সন চৌধুরী বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার জন্য সব জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকলে আপনাদের উন্নয়ন ব্যাহত হবে।
শুক্রবার বিকালে সদরপুর উপজেলার বাইশরশি শিব সুন্দরী একাডেমি মাঠে ভাঙ্গা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মীর আশরাফ আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিবরিয়া মাতুব্বর, সাবেক সংরক্ষিত মহিলা সদস্যা রাজিয়া সুলতানা, সদরপুরের সাহেব বিশ্বাস, রণজিৎ দাস, কামরুল তালুকদারের নেতৃত্বে প্রায় শতাধিক আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মী ও বিএনপির কিছু সমর্থক এমপি নিক্সনের রাজনীতিতে বিশ্বাস রেখে তার পক্ষে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.