
রাজশাহীতে শেষ হলো তিন দিনব্যাপী ‘বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৬’। শনিবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতাই ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) রাজশাহী গবেষণাগার চত্বরে গত ২৯ জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছিল। মেলায় রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৫১টির বেশি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
সমাপনী দিনে প্রকল্প মূল্যায়নের ভিত্তিতে তিন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়:
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ বলেন, “বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের মেলা কার্যকর ভূমিকা রাখে। ক্ষুদে শিক্ষার্থীদের এই ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে বড় আবিষ্কারের পথ দেখাবে।” তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন।
বিশেষ অতিথি সরকারের যুগ্মসচিব ও বিসিএসআইআর-এর সদস্য (প্রশাসন) মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের শুধু বইয়ের তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, সেটিকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।
বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক মোঃ হাবিবুর রহমান ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছাঃ শারমিনা ইয়াসমিন। বক্তারা জনচাহিদাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন।
তিন দিনের এই মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের পাশাপাশি বিসিএসআইআর-এর নিজস্ব গবেষণা কার্যক্রম ও বিভিন্ন উদ্ভাবিত পণ্য সম্পর্কেও সাধারণ মানুষকে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানকে সনদ প্রদান করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.