
সাজ্জাদ হোসেন,রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাহমুদ হাবিব হিমেলের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে স্মরণসভার আয়োজন করা হয়। চারুকলা অনুষদের শিক্ষার্থীরা সভার আয়োজন করে।
সভায় হিমেলের স্মরণে বৃক্ষরোপণ করা হয়। পরে শিক্ষক ও সহপাঠীরা স্মৃতিচারণ করে বক্তৃতা করেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, হিমেলের মৃত্যু তাঁর পরিবার, সহপাঠীসহ সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য হৃদয়বিদারক। এমন ঘটনা যাতে আর না ঘটে এজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। হিমেলের মৃত্যুতে অসহায় পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধ্যমত সহায়তা দিয়েছে। ভবিষ্যতেও প্রয়োজনে সহযোগিতা দেয়ার বিষয় বিবেচনা করা হবে।
সভায় চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলী এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক টিএমএম নুরুল মোদ্দাসের চৌধুরীসহ অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
মাহমুদ হাবিব হিমেল ২০২২ সালের পহেলা ফেব্রুয়ারি দিবাগত রাতে শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন সড়কে ট্রাকচাপায় মারা যায়। বিষয়টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.