
নারায়ণগঞ্জের চাষাড়ায় বিদ্যুৎ বিল চাওয়াকে কেন্দ্র করে ভবন মালিকের এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হোটেল ম্যানেজারসহ অন্তত ৩ জন আহত হয়েছে।
পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৫) রাত সাড়ে ১০টায় সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত ভবন মালিক আজহার তালুকদার, তার ছেলে ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আংগুরা ভিলার মালিক বীর মুক্তিযোদ্ধা আজহার তালুকদার। তিনি ও তার ভাই আজিজুল হকের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে শুক্কর আলী নামে এক ব্যবসায়ী ‘সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্ট’ দিয়েছেন।
রাতে আজহার তালুকদার রেস্টুরেন্টে এসে শুক্কর আলীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন। শুক্কর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় রেস্টুরেন্টের ম্যানেজার কাজল মিয়া এগিয়ে এসে আজহারকে বোঝানোর চেষ্টা করেন।
এতে ক্ষিপ্ত হয়ে বাসা থেকে শটগান এনে কাজলকে লক্ষ্য করে গুলি ছোড়েন আজহার। পরে আশপাশে থাকা অন্যরা তাকে থামাতে এলে তাদেরকে লক্ষ্য করেও গুলি ছোড়েন আজহার তালুকদার। এতে তিনজন গুলিবিদ্ধ হন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা জানান, পানির অপচয়ে বিদ্যুৎ বিল বেশি আসায় মালিক আজাহার বিদ্যুৎ বিল দাবি করেন সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টের মালিকের কাছে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে লাইসেন্সকৃত শর্টগান ও পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করে।
এ সময় গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.