
পারিবারিক বিরোধের জেরে তিন সন্তান ফেলে স্ত্রী বাপের বাড়িতে চলে গেলে তাকে ফেরাতে ব্যর্থ হয়ে ক্ষোভ আর অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক রিকশাচালক।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বড় পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত রিকশাচালক আক্তার হোসেন (৩২) এলাকার নূর হোসেনের বড় ছেলে। জানা যায়, আক্তার হোসেন স্ত্রী সন্তান নিয়ে বড়পাড়া এলাকার বাসিনা আবুল বাশারের টিনশেডের ঘরে ভাড়া থাকতেন।
পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী আমেনা বেগমের সঙ্গে প্রায় ঝগড়া হতো আক্তার হোসেনের। ২৩ দিন পূর্বে পারিবারিক বিরোধের কারণে স্ত্রী আমেনা বেগম আড়াই বছরের শিশু সন্তানসহ ৩ সন্তানকে রেখে বাবার বাড়ি তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকায় চলে যায়। এরপর থেকে স্ত্রীকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করলেও তিনি ফিরে আসেননি। স্ত্রী চলে যাওয়ার পর আক্তারের তিন সন্তান বড় পাড়া এলাকায় দাদা নূর হোসেনের কাছেই থাকতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের মতো রিকশা চালানোর পর বিকালে বাসায় ফিরে আসে আক্তার। এসময় তার দরজা ভেতর থেকে আটকা ছিল।
সন্ধ্যা ৬ টার দিকে পরিবারের লোকেরা তার খোঁজ করলে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এতে সন্দেহ হলে দরজা ভেঙ্গে প্রবেশ করলে ঘরের বাঁশের তীরের সঙ্গে আক্তারের মরদেহ ঝুলে থাকতে দেখা যায়।
পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম।
মরদেহ সুরতহাল করে সদর থানার মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে আক্তার হোসেন আত্মহত্যা করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.