যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে সেমি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মিলের মালিক রনি ও তার ভাই জনিও আহত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক শফিকুল ইসলাম (২৬) যশোর শহরের পুলিশলাইন টালিখোলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাপুর গ্রামে শ্বশুর গফ্ফার গোলদারের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,
সোমবার রাতে শফিকুল বয়লারে ভুসি দেওয়ার কাজ করছিলেন। আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বয়লারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে শফিকুলের মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ ফুট দূরে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় মিল মালিক রনি ও তার ভাই জনি গুরুতরভাবে আহত হন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামিম হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.