মো: নুর আলম,দূর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে বন্যা পরবর্তী পূনর্বাসন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবীতে সিপিবি'র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে শত শত নারী-পুরুষ এসে মিলিত হন।
বিক্ষোভ সমাবেশে সিপিবি দূর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা ডা. দিবালোক সিংহ, বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা সিপিবি'র সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, কমলাকান্দা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় তালুকদার, দুর্গাপুর উপজেলা সিপিবির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামসুল আলম খান, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, নারী সেল সভানেত্রী তাসলিমা বেগম, ছাত্র ইউনিয়ন সভাপতি আল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, দুর্গাপুরে বন্যায় অনেক মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে তারা দিশেহারা হয়ে পড়েছে। এ সকল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করে অতি দ্রুত তাদের পূনর্বাসনের ব্যবস্থা করে দিতে সরকারের কাছে আহ্বান জানান নেতারা । এছাড়া দফায় দফায় চাল, ডাল, চিনি তেল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, এসব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। আর তাই অতিদ্রুত সকল ধরনের পণ্যের দাম কমাতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
ডা. দিবালোক সিংহ বলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মেহনতী মানুষের পার্টি, শোষিত বঞ্চিত মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে,
সকল পণ্যের দাম কমিয়ে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.