গাজীপুরের টঙ্গীতে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা জানাজানির পর অভিযুক্ত ইসমাইল হোসেন (২৮) গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।
টঙ্গী বাজার মঞ্জুরি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইসমাইল হোসেন চাঁদপুর সদরের সন্দেসপুর গ্রামের ইব্রাহীমের ছেলে। সে গাজীপুর গাছা থানার হারিকেন এলাকায় বসবাস করতো।
মামলা সূত্রে জানা যায়, তিন বছর আগে ইসমাইলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সূত্রে বিভিন্ন জায়গায় পরস্পর দেখা করে ঘোরাঘুরি করে তারা। গত বুধবার রাত ১১টার দিকে দেখা করার কথা বলে ওই তরুণীকে টঙ্গী বাজার মঞ্জুরি আবাসিক হোটেলে নিয়ে যায় ইসমাইল। সেখানে তাকে বিয়ের আশ্বাসে জোরপূর্বক ধর্ষণ করে সে। এর আগেও অভিযুক্ত একই জায়গায় নিয়ে গিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার ধর্ষণ করে তাকে।
বিষয়টি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত ইসমাইল তরুণীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। উপায়ন্ত না পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেছেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.