কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা উগ্রবাদী সংগঠনের (আরসা) এর সদস্য সন্দেহে ৫ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। ১৪ এপিবিএন এর সদস্যরা আজ শনিবার ভোররাতে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে এই ৫ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রোহিঙ্গারা হলেন কুতুপালং ক্যাম্পের ব্লক-জি/১৪-এ
বসবাসরত মৃত সুলতান মোহাম্মদের ছেলে মো. খালেদ হোসেন (৩৩) (সাব-মাঝি), ব্লক-ই/১৩ ক্যাম্প-১/ইস্ট এর মৃত আমির হোসেনের ছেলে মাস্টার সৈয়দ আমিন (৩৮), ব্লক-জি/১১ ক্যাম্প-১/ইস্ট এর আবুল খায়েরের ছেলে মো. শাকের (৩৫), ব্লক-বি/৩, ক্যাম্প-১/ইস্ট এর নূর বসরের ছেলে মোহাম্মদ কলিম (১৮) এবং ব্লক-ডি/৫ ক্যাম্প-১/ইস্ট এর মৃত মো. রশিদের ছেলে মো. ইলিয়াস (২২)।
গত ২৯ সেপ্টেম্বর রাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর শীর্ষ নেতা মহিব উল্লাহ খুনের সাথে এই উগ্রবাদী সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। নিহত মহিব উল্লাহর ভাই-সহ সাধারণ রোহিঙ্গারা মহিব উল্লাহ হত্যায় আরসার সন্ত্রাসীদের দায়ী করেছেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, পুলিশ এসল্ট মামলাসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.