মোঃ কামরুজ্জামান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শ্বাসকষ্টের শিশু রোগী বাড়ছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার অধিক বেশি রোগী ভর্তি আছে। শিশুদের বেশিরভাগই ব্রংকাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত, ভূগছে মারাত্মক শ্বাসকষ্টে।
একযোগে এতো রোগী ভর্তি হওয়ায় সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখার অনুরোধ করেছেন চিকিৎসকরা।
আবহাওয়া পরিবর্তন হতে থাকায় সেপ্টেম্বর মাস পড়ার পর থেকে এখানে রোগীর সংখ্যা বাড়তে থাকে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডের জন্য বরাদ্দ আছে ২৮টি শয্যা। এখন এই শিশু ওয়ার্ডে ভর্তি আছে ১৭৮জন। দিনে নতুন করে ৩০ থেকে ৪০ জন শিশু শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছে। এতো রোগী- থাকতে হচ্ছে গাদাগাদি করে, মেঝে, করিডোর ও বারান্দায়। সেবা বৃদ্ধির জন্য চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানো হয়েছে।
কয়েকজন নার্স জানান, মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে আসছে বেশিরভাগ শিশু, এ কারণেই তাদের ভর্তি করাতে হচ্ছে।
এ বিষয়ে ডা. এস, এম. নাজিম উদ্দিন কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ বলেন, আবহাওয়া পরিবর্তনের কারনে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। আবহাওয়া পরিবর্তনের সময় শিশুদের প্রতি বিশেষ যত্ন নেয়ার কথা বলছেন চিকিৎসকরা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন শিশু রোগী কমাতে কমবয়সী মেয়েদের বিয়ে এবং বাচ্চা ধারণ না করার আহ্বানও জানান ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.