রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে পুনঃভোটে জাল ভোট দিতে এসে আ ন ম নুরুজ্জামান(৫৫) নামে এক মাদ্রাসার সুপার আটক হয়েছেন।
মঙ্গলবার(২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাকে আটক করে পুলিশ।
আটক সুপার আ ন ম নুরুজ্জামান ওই এলাকার মৃত সহিদুল্লাহর ছেলে। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি কেরামাতিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে কর্মরত।
জানা গেছে, সমান ভোট পাওয়ায় কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন। উক্ত পদে পুনঃভোটে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।
বিকেল ৩টার দিকে নিজ কেন্দ্র উত্তর বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন সুপার আ ন ম নুরুজ্জামান। এ সময় জাল ভোট দেয়া অভিযোগে তাকে আটক করেন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
ওই কেন্দ্রের দায়িত্বে থাকা হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সামিউল আমিন বলেন, জাল ভোট দেয়ার অভিযোগে আ ন ম নুরুজ্জামানকে আটক করে থানায় পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.