লঞ্চের অগ্নিকাণ্ড দেখতে আসার পথে ঝালকাঠির কাঁঠালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. পারভেজ (১৮) ও মো. হাসিব (২২) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কাঁঠালিয়া থেকে পারভেজ ও হাসিব মোটরসাইকেলে করে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে যাচ্ছিলেন।
হঠাৎ বিকেল সোয়া ৪টার দিকে কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজার এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খেলে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি মুরাদ আলী বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.