ময়মনসিংহের নান্দাইলে বাড়িতে সদ্য নির্মিত পানির ট্যাংকের দেয়াল ধসে শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আব্দুর রহমান (৭০) ও পুত্রবধূ সাওদা আক্তার (২০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই পরিবারেরই দুই শিশু রাব্বী (১২) ও রুহান (৮)। আহত দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মিজানুর রহমান আকন্দ জানান, কয়েকদিন আগে বাড়ির উঠোনের এক পাশে আরসিসি পিলার ছাড়াই ৬ ফুট উঁচুতে ইট, বালি ও সিমেন্ট দিয়ে নতুন পানির ট্যাংক তৈরি করা হয়।ওই পানির ট্যাংকের পাশে দুপুরে পরিবারের লোকজন কাজ করছিলেন। পানির হাউজে অতিরিক্ত পানির চাপে হঠাৎ করে চারদিক থেকে পানির হাউজ ধসে পড়ে। এতে পুত্রবধূ সাওদা আক্তার ঘটনাস্থলেই নিহত হন।
আহত অপর তিনজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে আহত শিশু সন্তার রাব্বী (১২) ও রুহানকে (৮) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.