হৃদয় আহমেদ, কলমাকান্দা,নেত্রকোনা প্রতিনিধি।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের মহিম খালের ওপর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ২০০৪ সালে একটি সেতু নির্মাণ করে দেয়। তার পরপরই সেতু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ সড়ক।
সেতুটি নির্মাণের ১৭ বছর পার হলেও সংযোগ সড়ক তৈরি হচ্ছে না। ফলে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে উঠতে হয় সেতুতে। জীবনের ঝুঁকি এভাবেই পারাপার হচ্ছে ১০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।
স্থানীয়রা জানান, সংযোগ সড়ক না থাকায় বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গেলেই অন্তরে আসে ভয়। কেননা কখন যেন এই নড়বড়ে বাঁশের সাঁকো থেকে পড়ে যায়। আর সবথেকে বেশি ভয় থাকে সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু।
সেতু দিয়ে ১০টি গ্রামের মানুষ পার হয়ে উপজেলা সদর, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ ও হাট-বাজারে পণ্য পরিবহন করে যাতায়াত করেন। কিন্তু সেতুটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শহরে যাতায়াতের খুবই কষ্ট হয়। এমনকি সবথেকে বেশি কষ্ট হয় অসুস্থ ব্যক্তি ও রোগীদের নিয়ে পারাপার হওয়া। এই বাঁশের সাঁকো দিয়ে সেতু পার হয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
এ ব্যাপারে নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল বলেন, সংযোগ সড়ক করে দেওয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানানো হবে। সংযোগ সড়ক তৈরি করা হলেই সেতু দিয়ে যাতায়াতে কমবে মানুষের ভোগান্তি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা বলেন, খুব দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেতুর সংযোগ সড়কটি করে দেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.