নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে যুবলীগ নেতা পলাশ মাহমুদ হত্যাকান্ডের ঘটনায় মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমানকে প্রধান আসামী ও তার দুই ভাইসহ উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সজীব মুসল্লী, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মোল্যা ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল শেখসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত পলাশ মাহমুদের মা পলি বেগম বাদী হয়ে ঘটনার তিনদিন পর ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকালে লোহাগড়া থানায় এ মামলা দায়ের করেন। তবে হত্যাকান্ডের তিনদিন পার হলেও পুলিশ কোন আসামীকে আটক করতে পারেনি।
নিহত পলাশ উপজেলার চরমল্লিকপুর গ্রামের খোকন শেখের ছেলে এবং লোহাগড়া উপজেলা যুবলীগের কর্মী। গত সোমবার রাত ১০ টার দিকে পলাশ মাহমুদকে আসামীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
মামলা সূত্রে জানা গেছে , লোহাগড়া উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক এমএম রাশেদ হাসান,ও বর্তমান সাধারণ সম্পাদক সজিব মুসল্লীর সাথে নিহত যুবলীগ নেতা পলাশ মাহমুদের দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক দ্বন্দ-সংঘাত চলে আসছিল।
এ ছাড়া আসন্ন মল্লিকপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে রেখে এই শত্রুতা চরম আকার ধারন করে। এরই জের ধরে পলাশ হত্যাকান্ড হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গত সোমবার রাত ৯ টার দিকে পলাশ মাহমুদ লোহাগড়া থেকে চরমল্লিকপুর গ্রামের রুবেল শেখের দাওয়াতে বন্ধু সুরবান,আলিমুল, ইনামুল, সাঈদীকে সাথে নিয়ে ওই গ্রামের আরেক বন্ধু ইমরানের বাড়ীতে খেতে যায়। এ সময় দূর্বৃত্তরা কৌশলে পলাশকে ডেকে নিয়ে রাস্তার পাশে ইমরানের দোকানের সামনে ধারালো অস্ত্র দিয়ে মুখ,মাথা, ঘাড় ও পাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ী ভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এলাকাবাসী পলাশকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হেনা মিলন জানান,পলাশ হত্যায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে বৃহস্পতিবার বিকালে থানায় মামলা হয়েছে। ( মামলা নং ১৮ তারিখ ২৮/১০/২১ )। আসামীদের আটকের চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.