বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি- বিরামপুর পৌরসভার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(০৮ডিসেম্বর) বুধবার বেলা ১২টায় দিকে বিরামপুর পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন ও নাগরিক সমাজের আয়োজনে পৌরসভা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়সহ নাগরিক সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে পৌরসভার সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ও বিরামপুর পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সোয়েব মোঃ সজল বলেন, দ্রুত হামলাকারী ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী রবিবার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালনসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করবে।
হামলার শিকার পৌরসভার বিদ্যুৎ বিভাগের সড়ক বাতি পরিদর্শক মোঃ মাসুদ করিম জানান,পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী স্যারের নির্দেশে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ২নং ওয়ার্ডের জোলাগাড়ী গ্রামে সড়ক বাতির বৈদ্যুতিক লাইন থেকে নেওয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীরা একজোট হয়ে হামলা ও মারপিট করে আমাকেসহ উপস্থিত বিদ্যুৎ বিভাগের অন্যান্য কর্মচারীদের আহত করে। অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার, সরকারি কাজে বাধাদান ও মারপিটের মতো ন্যক্কারজনক কাজে জড়িতদের দ্রুত শাস্তি দাবী জানানও তিনি।
বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আসামীদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যহত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.