বিপুল কুমার দাস মাদারীপুর জেলা প্রতিনিধিঃমদারীপুরের রাজৈর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এ সময় ১০টি দোকানপাট ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজৈর থানার পুলিশ শর্টগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেকেরহাট বন্দরের কাঠেরপোল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাথায় মাফলার পেচানোর সময় গায়ে ছোয়া লাগায় বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের রশিদ খালাসির (৬০) সাথে পার্শ্ববর্তী শংকরদীরপাড় গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত লিয়াকত আলীর মেয়ে পপির (৩৫) কথা কাটাকাটি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল ১০ টার দিকে পপির ভাইসহ শংকরদী গ্রামের কয়েকজন ব্যক্তির সাথে রশিদ খালাসি ও তার লোকজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পূর্ব স্বরমঙ্গল ও শংকরদী গ্রামের শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট পাটকেল নিয়ে টেকেরহাট বন্দরের কাঠেরপোল এলাকায় নিম্ন কুমার নদের উপর অবস্থিত ব্রিজের দুই পাশে অবস্থান নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ৫০জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রায় ১০টি দোকান ভাঙচুর করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১১৮ রাউন্ড শর্টগানের গুলি ও ১১ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মাদারীপুর পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল এবং রাজৈর-শিবচর সার্কেল এএসপি আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.