শেরপুর সদর ও নালিতাবাড়ি উপজেলার দুটি পৃথক স্থানে পাখি শিকারের অপরাধে ৪ জনকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৪ শে সেপ্টেম্বর শুক্রবার সকালে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ও নালিতাবাড়ি উপজেলার ছালুয়াতলা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ মিজানুর রহমান এবং নালিতাবাড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়ন এবং নালিতাবাড়ি উপজেলার ছালুয়াতলা গ্রামে দুটি পৃথক স্থানে ৪ জন পাখি শিকারি বিভিন্ন ধরনের পাখি ও বক শিকার করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২টি বকসহ ৪ জনকে আটক করা হয়। পাখি শিকারের দায়ে মোহাম্মদ রোমান মিয়া, মোঃ আনার আলী, জুয়েল মিয়া এবং মোঃ ইদ্রিস আলীকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উদ্ধার করা পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত এবং পাখি ধরার সরঞ্জাম ধ্বংস করা হয়।
আদালত পরিচালনা করার সময় বন বিভাগের কর্মকর্তা ড. প্রান্তোষ চন্দ্র রায়, সুমন সরকার ও মোঃ আব্দুল্লাহ আল আমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.